কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল, তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ ‘ডন রাসেল’ নামে এক কুখ্যাত সন্ত্রাসী ও মিয়ানমারকেন্দ্রিক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এদিন বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক রাসেল টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা মৌলভী আব্দুল গফুরের ছেলে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় মো. রাসেল (৩৬) ওরফে ডন রাসেলকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানবপাচারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার নামে মানবপাচার, মাদক ও অস্ত্র সংক্রান্ত অন্তত আটটি মামলা রয়েছে। এর আগেও টেকনাফ থানা পুলিশ তাকে একাধিকবার ইয়াবাসহ আটক করেছিল।
উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এ কর্মকর্তা।












