কক্সবাজার প্রতিনিধি :
শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা ও চোরাচালানের মাধ্যমে আমদানির অভিযোগে কক্সবাজারের একটি হোটেলের পার্কিং থেকে বিলাসবহুল তিনটি গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৩টার দিকে কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইজের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ।
আটক গাড়িগুলো হল, ঢাকা মেট্রো-গ-৩০-১২৩৪, Brand: Car (Saloon) Toyota M. Crop.2021, চেসিস নং-DB82-0043968, ইঞ্জিন নং-B48B20B-0066358, Colour: Red;
ঢাকা মেট্রো-গ-১৮-৯৬৩৮ (Brand-Honda), চেসিস নং-FC1-1200056 এবং ইঞ্জিন নং-L15B-7830057, Colour: Red;
ঢাকা মেট্রো-গ-২৪-৭৩৫৯, চেসিস নং -ND5RC-600063, এবং ইঞ্জিন নং-P5-30266449, Colour: Twin Gray, Brand- Mazda, উৎপাদনকারী দেশ- Japan, তৈরি সাল-2020
অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ জানান, গাড়িগুলোর বহনকারী হিসেবে মো. হাসিবুর রহমান সিনহা, মো. সাফিয়াত মাহমুদ ও মো. সারাফাত রহমান ইশানকে জিজ্ঞাসাবাদ করা হয়। গাড়িগুলোর ক্রয় বা আমদানি সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় কোনো দলিল তারা উপস্থাপন করতে পারেননি। পরে পার্কিংয়ে থাকা গাড়ি তিনটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, ভিন্নতর উপায়ে বা চোরাচালানের মাধ্যমে গাড়িগুলো আমদানি এবং দলিল জালিয়াতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।
এর আগে মোংলা বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণা দিয়ে তিন থেকে চারটি বড় খণ্ডে কেটে আনা চারটি বিলাসবহুল গাড়ির চালান শনাক্ত করেছিল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সিআইআইডির অনুসন্ধানে এসব খণ্ডে গাড়ির গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশ বা বিদ্যমান থাকার বিষয়টি উঠে এসেছে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ ছাড়া চট্টগ্রামে একটি বাড়ির গ্যারেজ থেকে BMW ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।












