দুর্গাপূজায় কক্সবাজার ও বান্দরবানের ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার

কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার ও বান্দরবান জেলার ৩৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় নজরদারি জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষ স্ট্রাইকিং ফোর্স।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-১৫-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক আ.ম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর কক্সবাজার জেলায় ৩২৪টি এবং বান্দরবান জেলায় ৩৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপসহ সব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দুই জেলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-১৫ মোবাইল টহল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়মিত টহল, মোটরসাইকেল পেট্রোল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে। পাশাপাশি বাড়তি সতর্কতায় মাঠে প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স।
পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধে অনলাইন মনিটরিং সেল সক্রিয় রাখা হয়েছে। এ ছাড়া পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং ও হয়রানি প্রতিরোধেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-১৫। ব্যাটালিয়ন সদরে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে ২৪ ঘণ্টা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার তথ্য বা আশঙ্কা পাওয়া যায়নি। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও সার্বিক প্রস্তুতি অব্যাহত রয়েছে। কোনো স্থানে অপ্রীতিকর বা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত এসআরবি-১৫-কে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে এসআরবি-১৫।