কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামের মৃত আবদুল ছবুর ড্রাইভারের ছেলে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকালে আবদুল্লাহ বাড়ি থেকে স্থানীয় স্টেশনে নাস্তা আনতে বের হন। পরে নাস্তা নিয়ে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল রামু থানার আওতাধীন হলেও এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পাদনের বিষয়টি রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত। এ বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে জানান ওসি ফজলুল।