চকরিয়া পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়া পৌরসভার দুইবারের সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে চকরিয়া পৌরসভার সায়মা প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আলমগীর চৌধুরীর ছোট ভাই বিটু জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন মামলায় তার ভাইকে আসামি করা হয়। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, জামিনের কাগজপত্রের কপি থানাকে জানানো হলেও কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে পরিবারের মধ্যে ক্ষোভ রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, সাবেক মেয়র আলমগীর চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে একটি হত্যা মামলা, চকরিয়ায় গাড়ি ভাঙচুর মামলা এবং সম্প্রতি বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় আসামি করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেলেও নিম্ন আদালতে স্থায়ী জামিনের প্রয়োজনীয় কাগজপত্র তিনি উপস্থাপন করতে পারেননি।
তিনি আরও বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলার বাদী আদালতে আপোষনামা দিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও এ বিষয়ে কোনো তথ্যপ্রমাণ তাৎক্ষণিকভাবে থানায় দেখাতে পারেনি।