রামুতে নির্মাণ হতে চলেছে দেশের প্রথম ফিফা সার্টিফাইড টেকনিক্যাল সেন্টার

কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি :
বাংলাদেশে প্রথমবারের মতো নির্মান হতে যাচ্ছে ‘ফিফা সার্টিফাইড টেকনিক্যাল সেন্টার’। কক্সবাজারের রামু উপজেলায় আন্তর্জাতিকমানের এই ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আনুষ্ঠানিকভাবে ১৫ দশমিক ২০ একর জমি হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জমি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাফুফের পক্ষে জমি রেজিস্ট্রেশনসংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সরকারের পক্ষে স্বাক্ষর করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। পরে প্রয়োজনীয় দলিলপত্র বাফুফে সভাপতির হাতে তুলে দেন জেলা প্রশাসক।
অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রামু উপজেলায় বাফুফে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ১৫ দশমিক ২০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে জমিটি বাফুফের কাছে হস্তান্তর করেন।
বাফুফে সভাপতি বলেন, রামুতে আন্তর্জাতিকমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলাররা এখানে আধুনিক ও পরিকল্পিত প্রশিক্ষণের সুযোগ পাবেন।
তাবিথ আউয়াল আরও বলেন, এই টেকনিক্যাল সেন্টার ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে দেশের তরুণ ও প্রতিভাবান ফুটবলার তৈরিতেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জমি হস্তান্তর অনুষ্ঠানে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।