টেকনাফে তিন কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

টেকনাফ
কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তিন কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে র‍্যাব। সংস্থাটির দাবি, এসব মাদকের মূল্য ১৫ কোটি টাকা। অভিযানের কাউকে আটক করতে পারেনি র‍্যাব।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝের ডেইল এলাকায় কয়েকজন মাদকদ্রব্য কেনাবেচার জন্য জড়ো হওয়ার খবর পায় র‍্যাব। পরে র‍্যাবের একটি দল ওই বসতভিটা ঘিরে ফেললে উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাদক কারবারিদের ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে তিন কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।
তিনি আরও জানান, উদ্ধার করা মাদক টেকনাফ থানায় হস্তান্তর করে এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।