চকরিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের 

চকরিয়া

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মিজানুর রহমান (৩৫) চট্টগ্রামের দোহাজারী পৌরসভার বাসিন্দা। তিনি চন্দনাইশ এলাকায় কর্মরত একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) ছিলেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মো. আরিফুল আমিন জানান, সকালে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পূরবী পরিবহন সার্ভিসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত মিজানুর রহমানকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। নিহতের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।