নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৬ অক্টোবর) মধ্যরাতে বদর আওলিয়া ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞিপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়ার বদর আওলিয়া ঘাট এলাকায় মধ্যরাত ১ টায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ি ও মহেশখালী। বিশেষ যৌথ এ অভিযানে ৪ টি দেশীয় একনলা বন্দুক, ১ টি দুই নলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, আক্তার আহমেদ (৭৮), মো. তানভীর (২১) ও রুকমদ্দিন (৪২)। তারা সবাই কক্সবাজার জেলার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চক্রটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থেকে স্থানীয় জনগণকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।












