কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিকদার পাড়া এলাকার মৌলভী গফুরের ছেলে হেলাল ও একই এলাকার সাবেক ইউপি সদস্য সব্বিরের ছেলে মো. হারুন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিকদার পাড়া এলাকার মৌলভী গফুরের পরিবারের সঙ্গে পাশের পানছড়ি পাড়া এলাকার আলু গোলার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অতীতেও একাধিকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা জানান, সর্বশেষ রোববার দুপুরে দুই পক্ষের মধ্যে ফের গোলাগুলি শুরু হলে হেলাল ও হারুন গুলিবিদ্ধ হন। তবে তাৎক্ষণিকভাবে গোলাগুলির সঠিক কারণ ও কারা গুলি ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, বিরোধে জড়িত দুই পক্ষের বিরুদ্ধেই মাদক কারবারে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন আলু গোলার ছেলে তোফাইল এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন মৌলভী গফুরের ছেলে রাসেল।
এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবার ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। মাঝেমধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে সিকদার পাড়া ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গোলাগুলির ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘাত এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।