চকরিয়ায় মোটরসাইকেলের চাকায় ১৭ হাজার ইয়াবা; আটক ১

কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি মোটরসাইকেলের চাকার ভেতর থেকে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় মোটরসাইকেল চালক নুর মোহাম্মদ লিখন (৩১) নামে একজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার মালুমঘাট ইউনিয়নের মহাসড়কের জলদাশপাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট যানবাহনে তল্লাশির সময় ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ করে লিখন নামের এ ব্যক্তিকে আটক করা হয়।
আটক নুর মোহাম্মদ লিখন শরীয়তপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় জলদাশপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় কক্সবাজার থেকে শরীয়তপুরের উদ্দেশে যাওয়া একটি রেজিস্ট্রেশনবিহীন সিলভার ও টিয়া রঙের মোটরসাইকেল থামানো হয়। পুলিশের সন্দেহ হলে চালক নুর মোহাম্মদ লিখনকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেলের চাকার ভেতরে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে মোটরসাইকেলটির চাকার ভেতরে লুকিয়ে রাখা ৩৮টি পোটলা পাওয়া যায়। এসব পোটলা থেকে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি আরিফুর রহমান বলেন, মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।