নিজস্ব প্রতিবেদক :
তথ্য অধিকার আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধান থাকলেও মানুষের কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদ সরকারি কার্যভবন-২ প্রাঙ্গণে আয়োজিত ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি, চট্টগ্রামের আয়োজনে সভায় বিভাগীয় কমিশনার বলেন, তথ্য মানুষের সিদ্ধান্ত গ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়া গেলে মানুষ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে। অন্যদিকে ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্যের কারণে ব্যক্তি ও সমাজের পরিকল্পনা ব্যাহত হতে পারে। বর্তমানে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ডিপফেকের মতো বিষয়গুলো তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
তিনি বলেন, দেশে তথ্য অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন করা হয়েছে এবং এর বাস্তবায়নে বিভিন্ন বিধি-বিধান ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা (GRS) রয়েছে। তথ্য না পাওয়া বা কোনো বিষয়ে অভিযোগ করে প্রতিকার পাওয়ার সুযোগও রয়েছে। তবে এসব ব্যবস্থা থাকা সত্ত্বেও বাস্তবে তথ্যের অবাধ প্রবাহ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।
কমিশনার আরও বলেন, সরকারি দপ্তরগুলো মূলত জনগণের সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠিত। তাই কোনো নাগরিক যখন কোনো সেবার জন্য অফিসে আসবেন, তখন তাকে সঠিক ব্যক্তি, শাখা ও প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়ার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। সরকারি দপ্তরগুলোকে আরও জনবান্ধব ও সেবামুখী হতে হবে।
চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী এর সভাপতিত্বে এবং তথ্য অফিসার জিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি কল্যাণ বোর্ডের পরিচালক মো: নিজাম উদ্দিন, চট্টগ্রাম নৌ-বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ও নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন শেখ জালাল উদ্দিন গাজী, বিস্ফোরক পরিদপ্তর চট্টগ্রামের উপ-প্রধান বিস্ফোরক পরিদর্শক ড. মোঃ আসাদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের উদ্ভিদ সংগনিরোধ রোগতত্ত্ববিদ মো. শেখ ফরিদ, চট্টগ্রামের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র কুমার চাকমা, চট্টগ্রাম বেতারের সহকারী পরিচালক শুভাশীষ বড়ুয়া, পিডিবির উপ-বিভাগীয় প্রকৌশলী মো: রকিবুল হাসান সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য যাচাই না করে বিশ্বাস কিংবা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, ভুল বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে দেওয়া প্রতিক্রিয়ায় ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
সোমবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।












