ছুটির দিনেও থেমে নেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক : 

ছুটির দিনেও থেমে নেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন। নতুন উপাচার্য নিয়োগ বাতিল ও সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবীতে আন্দোলনের চতুর্থদিনে শুক্রবার জুমার নামাযের পর চুয়েট ক্যাম্পাসে সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে বের করা হয় প্রতিবাদ মিছিল। 

কোনো কারণ দর্শানো ছাড়াই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদে আকস্মিক পরিবর্তন আনার সিদ্ধান্তের প্রতিবাদে চুয়েট ক্যাম্পাসে গত মঙ্গলবার থেকে চলছে কমপ্লিট    শাটডাউন কর্মসূচী। ফলে বিশ্ববিদ্যালয়টির সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে  গেছে। শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্মতা জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি ও চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনও।    বিশ্ববিদ্যালয়টির সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলনও করেছে  চুয়েটের শিক্ষকরা।

নতুন উপাচার্য নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপনসমূহ প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের দাবী না মানা পর্যন্ত এই শাটডাউন কর্মসূচী চলবে বলে জানিয়েছে  বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। 

 

গত ২৭ জুলাই চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। ২১ সেপ্টেম্বর রাতে হঠাৎ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দায়িত্ব থেকে সরিয়ে কুয়েটের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই আকস্মিক রদবদলের পরে বিশ্ববিদ্যালয় জুড়ে অসন্তোষ ও আন্দোলনের শুরু হয়।