নিজস্ব প্রতিবেদক :
মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে পণ্যসহ তাদের আটক করে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন।
দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্ততে জানানো হয়, কক্সবাজারের সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় অভিযান চলাকালীন সন্দেহজনক ১ টি বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্রে আটক করে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৩ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা (১২,০০০ কেজি) ইউরিয়া সার, ১৯০ বস্তা (৩৮০০ কেজি) রসুন ও ৯০ বস্তা (৪৫০০ কেজি) পেঁয়াজসহ বোটটি জব্দ করা হয়। এসময় বোট থাকা ১ জন রোহিঙ্গাসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।












