মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি :
মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে হামিদ হোসেন সুন্দরী নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। পরে তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণ ঘটে।
আহত হামিদ হোসেন সুন্দরী উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক-২৭-এর বাসিন্দা। তিনি মৃত কালাম হোসেনের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে এবং শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, এতে হামিদ হোসেন আহত হয়েছেন।
বিজিবির এ অধিনায়ক বলেন, আহত অবস্থায় হামিদ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে ৪০টির বেশি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক বিজিবি সদস্যসহ অন্তত পাঁচজন নিহত এবং ৪২ জনের বেশি আহত বা পঙ্গুত্বের শিকার হয়েছেন।