কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু

কক্সবাজার

ক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চলন্ত অবস্থায় চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের বিচকর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে চলাচলের সময় ওই নারী পর্যটকের ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।