চকরিয়ায় অটোরিকশাকে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমাম হোসেন (৩৯) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং বাজারের উত্তরে সাইফা কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার শামসুল আলমের ছেলে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমাম হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যান। গাড়িটি শনাক্ত করে জব্দের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।