কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে অ্যাম্বুলেন্স ব্যবহার করে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২০ এপ্রিল) রাতে শহরের শহীদ সরণীর জলিলের দোকান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল।

আটকরা হলেন, কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা মৃত আবুল বশরের ছেলে মো. একরাম হোসেন (৪৫) এবং তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। তাদের আদি বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখিল এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অ্যাম্বুলেন্সে করে একটি মাদকের চালান পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে শহরের শহীদ সরণী এলাকায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, “জেলা সদর হাসপাতালের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে অ্যাম্বুলেন্সে বিশেষভাবে লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।”

আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।