নিজস্ব প্রতিবেদক :
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের শিপ রিসাইক্লিং শিল্পের পূর্বের গৌরব পুনরুদ্ধারে আন্তরিকভাবে কাজ করছে সরকার। ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হন, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার হয়েছে বলেও জানান তিনি।
আজ সোমবার (৬ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, আরব শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং লিমিটেড, এস এন কর্পোরেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, শিপ ব্রেকিং শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সব প্রতিষ্ঠানকে গ্রিন লাইসেন্স গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
মন্ত্রী বলেন, দেশের শিল্প-কারখানায় জ্বালানি সংকট নিরসনে সরকার ক্র্যাশ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে। এ সংকটকে দীর্ঘদিনের উল্লেখ করে, তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ এবং সংশ্লিষ্ট শিপ রিসাইক্লিং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












