কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় বন্যায় আটকে পড়া এক বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ (২৫) নামে এক ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এবিসি আঞ্চলিক মহাসড়কের সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ টইটং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি নতুনপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে। তিনি পেকুয়া জেনারেল হাসপাতাল-সংলগ্ন এলাকায় একটি ফার্মেসির ব্যবসা করতেন।
নিহতের ছোট ভাই ওয়াহিদ জানান, সাম্প্রতিক বন্যায় আটকে পড়া এক বন্ধুর খোঁজ নিতে মঙ্গলবার রাতে মোটরসাইকেলে করে পেকুয়া বাজার থেকে নন্দীরপাড়ার উদ্দেশ্যে রওনা দেন নাহিদ। পথে সিকদারপাড়া এলাকায় বৃষ্টিতে পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এদিকে স্থানীয়রা সিকদারপাড়া এলাকাসহ ঝুঁকিপূর্ণ সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং বর্ষা মৌসুমে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ বিষয়ে তাকে কেউ অবগত করেননি। বিষয়টি সম্পর্কে তার জানা নেই।











