কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি। সংস্থাটির দাবি, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।
আটক মো. রুবেল (২৫) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খুটাখালী এলাকার নুরুল আলমের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজিকে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা চেকপোস্টে থামায়। পরে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজির চালক মো. রুবেলকে আটক করা হয়েছে।
আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।












