মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের পতেঙ্গা থেকে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড

চট্টগ্রাম

জিস্ব প্রতিবেদক : 

চট্টগ্রাম থেকে মিয়ানমারে পাচারের সময় পতেঙ্গা থেকে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টার দিকে পতেঙ্গা এলাকার কর্ণফুলী ১২ নম্বর ঘাট এলাকায় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে সিমেন্টগুলো জব্দ করা হয়।

বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলি চ্যানেলের ১২ নম্বর ঘাট এলাকায় রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযান চলাকালীন সন্দেহজনক ১ টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৪০ হাজার কেজি (৮০০ বস্তা) সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ১ টি বোট জব্দ করা হয়। তবে এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় কোস্ট গার্ড।

জব্দকৃত সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।