রোগী সেজে ইয়াবা পাচার: কক্সবাজার সদর হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার জেলা সদর হাসপাতালে রোগীর স্বজনবেশে মাদকের চালান লেনদেনের সময় ১৭ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) রাত ৯টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা জাগির হোসেন ও তার স্ত্রী আয়েশা আক্তার।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে একটি ইয়াবার চালান কক্সবাজার শহরের উদ্দেশে অটোরিকশাযোগে আনা হচ্ছে এমন গোপন তথ্য পায় পুলিশ। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করা হয়। এক পর্যায়ে রাত ৯টার দিকে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্দেহজনক একটি অটোরিকশা শনাক্ত করে পুলিশ। পরে গাড়িটিতে থাকা এক নারীসহ দুইজনকে আটক করা হয়।
তল্লাশিকালে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান ওসি।
তিনি বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।”