নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মহানগরীর ইস্পাহানি চেকপোস্টে কর্তব্যরত অবস্থায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে চমেকে ভর্তি হওয়া পুলিশ সদস্য আল আমিন মারা গেছেন।
সোমবার (৫ অক্টোবর) ভোর চারটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিএমপি জানায়, পুলিশ লাইন্স এস এ এফ শাখায় কর্মরত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার গত ৪ অক্টোবর ভোর সাড়ে ৬ টার দিকে ইস্পাহানি চেকপোস্টে কর্মরত থাকা অবস্থায় ছিনতাইকারী গ্রেফতারের চেষ্টা করছিল। এ সময় একটি বাস এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ৫ অক্টোবর ভোর ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তার নিজ জেলা মাদারীপুর। ব্যক্তিগত জীবনে সে বিবাহিত ও এক সন্তানের জনক।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিএমপি কমিশনার, হাসান মো: শওকত আলী।












