কক্সবাজারে বাস থেকে ২৬ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে এসআরবি-১৫।
শনিবার (৩ অক্টোবর) এ তথ্য জানান এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
আটকরা হলেন, উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. এবাইদুল্লার ছেলে মো. আইয়াজ (২৫) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মৃত শামছুল আলমের স্ত্রী হাসিনা বেগম (৫৫)।
আ. ম. ফারুক জানান, শুক্রবার মধ্যরাতে কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে মাদকের বড় চালান পাচারের খবর পায় এসআরবি। পরে লিংকরোড এলাকায় অস্থায়ী চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি জোরদার করা হয়। ভোররাত ৩টার দিকে সৌদি পরিবহনের একটি সন্দেহজনক বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পাশাপাশি আসনে বসা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে রাখা ২৬ কেজি গাঁজা পাওয়া যায়। পরে দুই যাত্রীকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান এসআরবির এই কর্মকর্তা।