কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের শামলাপুরে সমুদ্র ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে শামলাপুর ব্লু-গার্ড টিম। সেপ্টেম্বরজুড়ে চলা এ কার্যক্রমে উপকূল ও সৈকত থেকে প্লাস্টিক বোতল, পলিথিন, পরিত্যক্ত মাছ ধরার জালসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে জেলে, মাছ ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে সমুদ্রদূষণ ও সামুদ্রিক প্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।
আয়োজকদের মতে, সমুদ্রে ফেলে রাখা পরিত্যক্ত মাছ ধরার জালে মাছ, কচ্ছপ, ডলফিনসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী আটকা পড়ে মারা যেতে পারে।
এদিকে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে শামলাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি সেশনও আয়োজন করা হয়। এতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, সামুদ্রিক প্রাণী সংরক্ষণ ও পরিচ্ছন্ন উপকূল গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
শামলাপুর ব্লু-গার্ডের পক্ষ থেকে বেলাল উদ্দিন বলেন, ‘সমুদ্র ও উপকূল আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু প্লাস্টিক বর্জ্য ও পরিত্যক্ত মাছ ধরার জাল সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে। তাই শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়, স্থানীয় জেলে, ব্যবসায়ী, পর্যটক ও শিক্ষার্থীদের সচেতন করাও জরুরি। সবাই দায়িত্বশীল হলে শামলাপুরের সৈকত ও সমুদ্রকে আরও পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা সম্ভব।’












