পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষের ২ লাখ টাকাসহ আটক ৩

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে ঘুষের দুই লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।

দুদক সূত্র জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া আটকে রাখার অভিযোগ ওঠে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। নিরুপায় হয়ে ওই আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। পরে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন তিনি।

অভিযোগের পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার ট্র্যাপ অভিযান পরিচালনা করে দুদক। অভিযানের সময় দুই লাখ টাকা ঘুষ গ্রহণকালে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।

দুদক সূত্র জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।