কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা পায়রা সার্ভিসের মিনিবাসটি সেন্টমার্টিনগামী যাত্রী নিয়ে দমদমিয়া কেয়ারি ঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি ব্রিজের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, কোস্ট গার্ড, বিজিবি সদস্য এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্থানীয় কায়সার মাহমুদ বলেন, “বাসটি দ্রুতগতিতে চলছিল। একটি বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় বাসে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে হ্নীলা এলার মোহাম্মদ আজম ও তার স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে বাসে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা সহযোগিতা করেছেন।












