কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে অপহৃত চার যুবককে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন মোহাম্মদ তারেক (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী শিবিরের চেকপোস্টসংলগ্ন মৌসুমী গেইটের বাম পাশে মাছ বাজার এলাকায় এ অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও টেকনাফ থানা পুলিশ।
আটক মোহাম্মদ তারেক হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
উদ্ধার হওয়া চারজন হলেন হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেলাল উদ্দিন (২১), মো. ইউনুস (২১), জসিম উদ্দিন (২১) ও খায়রুল আমিন (২১)।
১৬ এপিবিএন সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী শিবিরের মৌসুমী বাজার এলাকায় অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে বলে গোপন তথ্য পাওয়া যায়। পরে এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে যৌথ দল গঠন করে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চার যুবককে উদ্ধার এবং অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন মো. তারেককে আটক করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) কাউছার সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ দল নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মৌসুমী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অপহৃত চারজনকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া চার ভুক্তভোগী ও আটক সন্দেহভাজন ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী শিবিরের এপিবিএন ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান এডিআইজি কাউছার সিকদার।












