কক্সবাজার প্রতিনিধি :
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে রাজনৈতিকভাবে টার্গেট করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর মেধা, যুক্তি ও রাজনৈতিক বক্তব্যের কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে কক্সবাজারের পেকুয়ায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত-এনসিপি এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে টার্গেট করেছে। এর কারণ একটাই তার মেধা ও যোগ্যতা। স্বরাষ্ট্রমন্ত্রী মেধা, যুক্তি ও তর্ক দিয়ে বিরোধী দলের বক্তব্যের জবাব দেন, এটা তাদের সহ্য হয় না।’
মেজর আক্তারুজ্জামান প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তিনি আন্দোলনকারী ছাত্র-জনতাকে ‘রাজাকারের বাচ্চা’ বলে মন্তব্য করেছিলেন বলে তার অভিযোগ। একই সঙ্গে শেখ হাসিনার সরকারের পক্ষে তার বক্তব্য দেওয়ারও দাবি করেন রাশেদ খান। মেজর আক্তারুজ্জামানকে জামায়াতে নেওয়ার বিষয়ে এর আগে রাশেদ খানের প্রকাশ্য সমালোচনার খবরও প্রকাশিত হয়েছে।
রাশেদ খাঁন আরও বলেন, ‘জামায়াত একসময় আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। ভবিষ্যতে জামায়াত শেখ হাসিনার মুক্তি ও তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতেও আন্দোলন করতে পারে।’
এনসিপি-জামায়াতের রাজনৈতিক জোটের সমালোচনা করে তিনি বলেন, ‘এনসিপি জামায়াতের সঙ্গে জোট করে তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে হত্যা করেছে।’
এর আগে দুপুরে পেকুয়ার মেহেরনামায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন রাশেদ খান। পরে তিনি ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন।
এ সময় রাশেদ খাঁন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে বর্তমান সরকার রয়েছে। জুলাইয়ের চেতনা যেন মলিন না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।’
জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি এসব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথাও পুনর্ব্যক্ত করেন।’
সাক্ষাৎকালে শহীদ ওয়াসিম আকরামের বাবা-মাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রাশেদ খান ওয়াসিমের আত্মত্যাগের কথা স্মরণ করেন।












