নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পৌর সদরের মুন স্টার ক্লাবের সামনে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে অবস্থান নেয় আসলাম চৌধুরী ও কাজী সালাউদ্দিনের অনুসারীরা।
কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। তাদের অনেকের হাতে লাঠি দেখা গেছে। এতে যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় এখন পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
কর্মসূচির স্থান নিয়ে দুই পক্ষের বিরোধের সূত্রপাত। কাজী সালাউদ্দিনের অনুসারীরা ২৭ আগস্ট প্রশাসনের কাছে কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করেন। পরে আসলাম চৌধুরীর অনুসারীরাও একই স্থানে কর্মসূচির প্রস্তুতি নেয়।
কাজী সালাউদ্দিন জানান, ‘আমরা নিয়ম মেনে আগে থেকেই আবেদনের মাধ্যমে কর্মসূচির স্থান নির্ধারণ করেছি। জোর করে ঝামেলা করতে চাইলে এর দায়ভার তাদেরই নিতে হবে।’
আসলাম চৌধুরীর অনুসারী মোহাম্মদ মোরছালিন জানিয়েছেন, সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর বাইরে বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নেই। মুন স্টার ক্লাবের অনুষ্ঠানে তিনিই প্রধান অতিথি থাকবেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করে সংঘর্ষ এড়ানোর চেষ্টা চলছে।












