উখিয়ার সমুদ্রসৈকতে ভেসে উঠল তিন অজ্ঞাত মরদেহ

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী ও মনখালী সমুদ্রসৈকত এলাকা থেকে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে স্থানীয় জেলেরা সাগরে মাছ ধরতে যাওয়ার সময় পানিতে ভেসে আসা মরদেহগুলো দেখতে পান। পরে তারা বিষয়টি ইনানী পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করেছে। মরদেহগুলোর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক ধারণা, সাগরে নৌকা ডুবির ঘটনায় ওই তিন ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ময়নাতদন্তের প্রতিবেদন ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পর্যালোচনার পর মরদেহগুলোর পরিচয় ও মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেছেন ইনচার্জ রিমন ঘোষ।