কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক সড়কের পাশে খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৩টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের (শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের হোয়াইক্যং থানার পরিদর্শক নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ জিসান (২২) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাইনজুড়ি গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে।
স্থানীয়দের বরাতে পরিদর্শক নুরুল আবছার বলেন, “বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিয়ের সাজসজ্জার সরঞ্জাম বহন করে একটি মিনি ট্রাক টেকনাফের হ্নীলা অভিমুখে রওনা দেয়। ভোররাতে কাঞ্জরপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা শ্রমিক মোহাম্মদ জিসান ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিনজন আহত হন।”
তিনি আরও বলেন, “পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয় এবং পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”












