কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে পৈত্রিক বসতভিটার গাছ কাটাকে কেন্দ্র করে ছোটভাইয়ের দায়ের কোপে নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছোটভাই আব্দুর রহিম (৪২) পালিয়ে গেছেন।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। তবে তিনি পরিবার থেকে আলাদা হয়ে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করতেন। অভিযুক্ত আব্দুর রহিম তার আপন ছোটভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, শুক্রবার সকালে আব্দুর রহিম পৈত্রিক বসতভিটার গাছ বিক্রির উদ্দেশ্যে কাটতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে বড়ভাই নুরুল ইসলাম সেখানে গিয়ে গাছ কাটতে বাধা দেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিম হাতে থাকা ধারালো দা দিয়ে নুরুল ইসলামের পা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপ দেন।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত আব্দুর রহিম পালিয়ে যান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












