ক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। পৃথক পাঁচটি অভিযানে ৫ জন আসামিকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে দুটি সিএনজিচালিত অটোরিকশাও।
শুক্রবার (২২ মে) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, টেকনাফের সাবরাং করাছি পাড়ার রশিদ আহমদের ছেলে ইসমাইল (৪৫), মিনাবাজার এলাকার আব্দু শুক্কুরের ছেলে মো. সোহেল (২৬), হোয়াইক্যং কাটাখালী এলাকার দুদু মিয়ার ছেলে মাসুক উল্লাহ (৩৬) ও আবু তাহেরের ছেলে মহি উদ্দিন (২০)।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, বুধবার (২১ মে) পরিচালিত এসব অভিযানে মোট ১ লাখ ৪৪ হাজার ৯০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত যানবাহনের আনুমানিক মূল্য ৪ কোটি ৪৯ লাখ ৭০ হাজার ৯০০ টাকা।
তিনি আরও জানান, পালংখালী বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিসহ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। একইদিনে হোয়াইক্যং চেকপোস্ট পৃথক দুটি অভিযানে দুই আসামি ও দুটি সিএনজিসহ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
এদিকে শীলখালী চেকপোস্টের অভিযানে একজন আসামি ও একটি সিএনজিসহ ৪ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া বালুখালী বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় আরও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণেও কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।












