আকষ্মিক বন্যায় চট্টগ্রামে বেড়েছে সাপের উপদ্রব, ৭ দিনে আক্রান্ত ৮৫

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:

টানা ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বেড়েছে সাপের উপদ্রব। গত সাত দিনে জেলার বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন অন্তত ৮৫ জন। একই সময়ে ডায়রিয়াসহ পানিবাহিত রোগেও আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার (১৩ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন  ডা. জাহাঙ্গীর আলম জানান, সাপে কাটার ৮৫ জনের মধ্যে দুইজন বিষধর সাপের দংশনের শিকার হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, ‘বন্যার পানিতে সাপের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় লোকালয় ও বসতবাড়িতে সাপের উপস্থিতি বেড়েছে। ফলে সাপে কাটার ঘটনাও বৃদ্ধি পেয়েছে।’

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সাপে কাটার রোগীদের মধ্যে বোয়ালখালীতে ২০ জন, পটিয়ায় ১৮ জন, বাঁশখালীতে ১২ জন, রাউজানে ৯ জন, হাটহাজারীতে ৮ জন, সাতকানিয়ায় ৬ জন, আনোয়ারায় ৫ জন, রাঙ্গুনিয়ায় ৩ জন, চন্দনাইশে ৩ জন এবং লোহাগাড়ায় ২ জন চিকিৎসা নিয়েছেন।

বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাতে চলাচলের সময় টর্চলাইট ব্যবহার, পানিতে নামার আগে লাঠি দিয়ে জায়গা পরীক্ষা করা এবং ঘরের আশপাশ পরিষ্কার রাখা জরুরি। সাপে কামড়ালে ঝাড়ফুঁক বা বিলম্ব না করে দ্রুত হাসপাতালে যেতে বলা হয়েছে।