চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু

কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি :

টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়া উপজেলার পাহাড়ঘেঁষা একটি বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পাহাড়ধসে দুটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (৮ জুলাই) মধ্যরাতে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা-মছইন্যাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ওই এলাকার মৃত মো. কাজলের মেয়ে রুমি (১৪) এবং আবদুল মজিদের ছেলে মো. তৌওছিফ (১২)। আহত হয়েছেন রুমির মা লায়লা বেগম (৫৫)।
স্থানীয়রা জানান, গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় টানা বৃষ্টিতে নরম হয়ে যাওয়া পাহাড়ের একটি বড় অংশ ধসে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিনজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর লাইলা বেগমকে জীবিত উদ্ধার করা হলেও রুমি ও তৌওছিফকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় সমাজনেতা আল ইব্রাহীম বলেন, কয়েকদিনের টানা বর্ষণে পাহাড়টি ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও বসবাসকারী পরিবারগুলোর অন্যত্র যাওয়ার সুযোগ ছিল না। ফলে তারা ঝুঁকি নিয়েই সেখানে বসবাস করছিলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন রয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।
ইউএনও শাহীন দেলোয়ার বলেন, “টানা বর্ষণের কারণে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের অতি প্রয়োজন ছাড়া সেখানে অবস্থান না করে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।”