চট্টগ্রামে শিশু ইরাবতি হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরাবতিকে ধর্ষণ চেষ্টার পর গলা কেটে হত্যা মামলায় বাবু শেখ নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৪  এর বিচারক জান্নাতুল ফেরদৌস এই রায় দেন। বিচার শুরুর ১২ কার্য দিবসের মধ্যে আদালত এই মামলার রায় ঘোষণা করেন।

নিহত  শিশু সীতাকুণ্ডের স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। শিশুটির বাবার সঙ্গে বিরোধের জেরে বাবু শেখ শিশুটিকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে গত পহেলা মার্চ শিশুটিকে ফুসলিয়ে পাহাড়ে নিয়ে প্রথমে ধর্ষণের চেষ্টা ও পরে ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ ওঠে।

পরদিন রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় শিশুটির  মায়ের করা মামলার তদন্ত শেষে গত ১১ জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৮ জুন অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

এরপর ২১ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।