নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণের কারখানায় আগুনে দগ্ধ হয়েছেন ১০ শ্রমিক। তাদের সবাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম বঙ্গবানু মেম্বারটেক এলাকার কনফিডেন্স নামের লবণের কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, কারখানায় কাজ করার সময় ওয়েল্ডিং মেশিনে থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে কয়েকজন শ্রমিক আহত হয়েছে তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আছে।
আহত শ্রমিকের বরাত দিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলা উদ্দিন জানান, শ্রমিকরা কারখানায় কাজ করার সময় দগ্ধ শ্রমিকদের চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।
ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।












