কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে মোহাম্মদ চয়ন নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়ঘোপ ছিন্নিখাইয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ চয়ন ওই এলাকার মোহাম্মদ পারভেজের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ পারভেজের ছেলে চয়ন সকালে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় শিশুটির বাবা-মা ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নাব বেগম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, শিশুটি পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।