কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি আভিযানিক দল ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি জি-৩ রাইফেল, ১টি এমএ-১ রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।












