কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানকে (২৮) তুলে নেওয়ার প্রায় চার ঘণ্টা পর সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, অপহরণের পর জিসানের ওপর নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।
নিহত ইসফাতুল ইসলাম জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক। তিনি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশনের একটি দোকানের সামনে অবস্থান করছিলেন জিসান। এ সময় একটি সাদা মাইক্রোবাসে করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে তুলে নিয়ে যায়।
নিহতের বাবা নাজেম উদ্দিন অভিযোগ করে বলেন, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার কবির টাওয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ওপর নির্যাতন চালানোর পর হত্যা করে মরদেহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকায় ফেলে রাখা হয়।
পরে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে জিসানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার ইসমাইল হোসেন বলেন, জিসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে জিসান হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কক্সবাজারের ছাত্রদলের নেতৃবৃন্দ।
চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি বলেন, জিসান ছাত্রদলের একজন সক্রিয় ও উদীয়মান নেতা ছিলেন। তাকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা না হলে সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান বলেন, ছাত্রদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, ইসফাতুল ইসলাম জিসানকে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানাই।
Related
আরও পড়ুন:
কুতুবদিয়ায় চলাচলের রাস্তা দখল করে মৎস্য ঘের
টেকনাফে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা জব্দ
কক্সবাজার সম্মেলন: রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব
কক্সবাজারে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তার
ঈদগাঁওয়ের ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে মামলা, ২ কোটি টাকা জালিয়াতির অভিযোগ
সেন্টমার্টিনের দ্বার খোলা, তবে ছাড়েনি জাহাজ
কক্সবাজারে মাদক পাচারের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড
কক্সবাজার হানাদারমুক্ত দিবস আজ
রামুতে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা
উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ৭ শতাধিক রোহিঙ্গা আটক
তিনদিনের সফরে কক্সবাজার গেলেন সিইসি
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার
