টেকনাফে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও গোলাবারুদ উদ্ধার

টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী সাবরাং ডেইলপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, একটি জি-৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদক, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বুধবার রাতে একটি ইজিবাইকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে অগ্রসর হলে বিজিবি সদস্যরা অস্থায়ী চেকপোস্টে তাদের থামার সংকেত দেওয়া হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ইজিবাইকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এছাড়াও একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, একটি জি-৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ইজিবাইক ও অন্যান্য আলামতের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।