কক্সবাজার প্রতিনিধি :
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে বর্ণাঢ্য র্যালী, পর্যটন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও সি–বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত র্যালিটি পর্যটন জোনের সি–ইন পয়েন্ট থেকে শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি লাবণী পয়েন্টে আয়োজিত পর্যটন মেলায় গিয়ে শেষ হয়।
র্যালী শেষে লাবণী পয়েন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।
সভায় কক্সবাজার–৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও পর্যটন খাতের বিভিন্ন স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।
এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য– ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’।
দিবসটি উপলক্ষে কক্সবাজারে তিন দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পর্যটন মেলা, সৈকত পরিচ্ছন্নতা অভিযান, বর্ণাঢ্য র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত, ফায়ার শো, ব্যান্ড শো, ঘুড়ি উৎসব ও পর্যটকদের জন্য বিভিন্ন প্রদর্শনী।
আলোচনা সভায় বক্তারা বলেন, কক্সবাজারকে নিরাপদ, আধুনিক, পরিবেশবান্ধব ও বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। মাস্টার প্ল্যানের মাধ্যমে পর্যটন অবকাঠামোর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটকদের সুযোগ–সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।
তারা বলেন, পর্যটন খাতের বিকাশ ঘটলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেরও ব্যাপক প্রসার ঘটবে। এ জন্য পর্যটনকে আরও আধুনিক ও টেকসই করতে সরকারি–বেসরকারি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ভূমিকা প্রয়োজন।












