চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় দিনের মত চলছে শ্রমিকদের কর্মবিরতি

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল- এনসিটি বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে আজ।

রবিবার (০১ ফেব্রুয়ারী) বন্দরে শ্রমিকদরে কর্মবিরতির কারণে পরিচালন কার্যক্রমে সৃষ্টি হয়েছে প্রায় অচলাবস্থা। সকাল আটটা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বন্দররের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-এনসিটির ইজারা সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শনিবার থেকে দুই দিনব্যাপী আট ঘণ্টা করে কর্মবিরতি কর্মসূচির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ইব্রাহিম খোকন জানান, স্বতঃস্ফূর্তভাবে কর্মচারী শ্রমিকেরা কর্মসূচি পালন করছেন। বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এদিকে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বন্দর এলাকায় মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ- সিএমপি। ১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে আগামী ২ মার্চ পর্যন্ত এক মাসের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এ আদেশ না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ার করা হয়। গণবিজ্ঞপ্তি জারির পর আজ সকালে বন্দর ভবন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।