নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত নিরাপত্তাকর্মী সালাউদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. হৃদয়কে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন ভিটাক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, হৃদয় সীতাকুণ্ড উপজেলার মান্দারীটোলা এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে জানা গেছে, নিহত সালাউদ্দিন সীতাকুণ্ডের দক্ষিণ মাহমুদাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বঙ্গোপসাগরে অবস্থানরত রাইজিং স্টিল শিপ ব্রেকিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ড্রেজারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
গত ৩১ জানুয়ারি ড্রেজারে তেল চুরিকে কেন্দ্র করে সালাউদ্দিনের সঙ্গে মো. রিফাত হোসেন ও তার সহযোগীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযোগ রয়েছে, তারা দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে একটি নৌকায় করে গভীর সমুদ্রে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়।
নিখোঁজ থাকার পর ৩ ফেব্রুয়ারি কোয়ানিয়া খালে কাদায় আংশিক পুঁতে রাখা অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা মরদেহটি সালাউদ্দিনের বলে শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুন্ড মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ৮ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।












