কক্সবাজার প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা বলে দাবি কোস্ট গার্ডের।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন দক্ষিণ জালিয়াপাড়া সংলগ্ন প্যারাবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি স্থান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৯৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
জব্দকৃত ইয়াবার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।












