টেকনাফ-কক্সবাজার মহাসড়কে বাস টমটম মূখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

কক্সবাজার টেকনাফ
কক্সবাজার প্রতিবেদক :
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে যাত্রীবাহী মিনিটমটম ও পালকি বাসের মুখোমুখি সংঘর্ষে টমটম চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. লালু (৪৫) ওই ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে তিনি দুর্ঘটনাকবলিত মিনিটমটমটির চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী পালকি বাসের সঙ্গে লেদাগামী একটি যাত্রীবাহী মিনিটমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। মিনিটমটমটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই টমটম চালক মো. লালু মারা যান। আহত ৮ জনকে স্থানীয়রা উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে ভর্তি করেন।
পরিচয় নিশ্চিত হওয়া আহতরা হলেন, হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহ (৩০), মো. বদিউজ্জামান (৪০), মোসা. ফাতেমা (২০) ও ইসমত আরা (৪০)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, কক্সবাজার–টেকনাফ মহাসড়কে বাস ও যাত্রীবাহী মিনিটমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পথচারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। নিহত চালকের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।