জনতার লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সালাহউদ্দিন

কক্সবাজার
কক্সবাজার প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কক্সবাজার-১ আসনে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তিনি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় কেন্দ্র প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। ভোট প্রদান শেষে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। সকালেই তিনি কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেন।
দুই প্রার্থীর ভোট প্রদানকে ঘিরে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল লক্ষ করা যায়।
কক্সবাজার জেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য মতে, কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে মোট ১৭৬টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটার রয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন, নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন।