কক্সবাজার সরকারি মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেকের যোগদান উপলক্ষে সংবর্ধনা

কক্সবাজার
কক্সবাজার প্রতিবেদক :
কক্সবাজার সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) হিসেবে যোগদান উপলক্ষে প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) কক্সবাজার সরকারি মহিলা কলেজে তিনি আনুষ্ঠানিকভাবে উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৮তম ব্যাচের একজন কর্মকর্তা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলমের তত্ত্বাবধানে এবং শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক মো. রাসেল রানার সঞ্চালনায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত উপাধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক শামীম আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ছলিমুর রহমান, কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. অহিদুল ইসলাম, কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্লাহ, সহযোগী অধ্যাপক কাজী আবুল কাসেম, সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সুলতান আহমদ এবং ইউএনএইচসিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বায়েজিদসহ কক্সবাজার সরকারি কলেজের আরও অনেক শিক্ষক।
অনুষ্ঠানে বক্তব্যে নবাগত উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক কলেজকে আরও উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিনির্মাণে অভিজ্ঞতা ও যুগোপযোগী পরামর্শের ভিত্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের আগে তিনি কক্সবাজার সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে কক্সবাজার সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়।